রিপোর্টার্স২৪ ডেস্ক : গলে অ্যাঞ্জেলে ম্যাথিউসের বিদায়ী টেস্টে জয় উপহার দিতে পারল না শ্রীলঙ্কানরা, ড্র করেই মাঠ ছাড়ল বাংলাদেশ। আজ টেস্টের শেষ দিনের শেষ বিকেলে ছড়াল রোমাঞ্চ। কিন্তু হাতে সময় ছিল কম, তাই দিনের খেলা যখন ৫ ওভার বাকি তখন ড্র মেনে নেন নাজমুল হোসেন ও ধনঞ্জয়া ডি সিলভা। দুই দলের ক্রিকেটাররা করমর্দন করে ফেরেন ড্রেসিংরুমে।
চার ইনিংসের লড়াই, উত্তেজনা, আর শেষ বিকেলের নাটকীয়তা শেষে মেনে নেওয়া হলো সমতা। বাংলাদেশের দেওয়া ২৯৬ রানের লক্ষ্য তাড়ায় ৪ উইকেট হারিয়ে ৭২ রান তুলতেই ড্র মেনে নেয় স্বাগতিক শ্রীলঙ্কা।
১২ বছর পর গলে টেস্ট ম্যাচ ড্র হলো, আর এই ম্যাচেই মুখোমুখি ছিল বাংলাদেশ-শ্রীলঙ্কা। ২০১৩ সালের পর গলে এই প্রথম কোনো ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হলো। সেই ম্যাচেও ছিল একই দুই দল। এবারের ম্যাচেও উত্তেজনার কোনো ঘাটতি ছিল না, তবে শেষ পর্যন্ত নিষ্পত্তি হয়নি। ২৬টি টানা জয়ের পর ধারাবাহিকতা শেষ হলো!
ম্যাচের শেষ দিনে আজ বাংলাদেশ ৩ উইকেটে ১৭৭ রান নিয়ে দিন শুরু করে। তবে ঘণ্টাখানেক খেলার পর বৃষ্টিতে বাধা পড়ে। প্রায় তিন ঘণ্টা খেলা বন্ধ থাকার পর ফের খেলা শুরু হলে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২৮৫ রান তুলে ইনিংস ঘোষণা করে। এতে শ্রীলঙ্কার সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৭ ওভারে ২৯৬ রান।
শুরু থেকেই আক্রমণাত্মক খেলেনি শ্রীলঙ্কা। ৩২ ওভারে ৪ উইকেটে ৭২ রান করার পর দুই দলই ড্র মেনে নেয়। বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন তাইজুল ইসলাম, যিনি ১৬ ওভারে ৩ উইকেট নেন। নাঈম হাসান নেন একটি উইকেট।
ম্যাচে সবচেয়ে উজ্জ্বল ছিলেন নাজমুল হোসেন শান্ত। প্রথম ইনিংসে ১৪৮ রানের দুর্দান্ত ইনিংস খেলার পর দ্বিতীয় ইনিংসেও ১২৫ রানে অপরাজিত থেকে ইনিংস ঘোষণা করেন। এক টেস্টে দুটি সেঞ্চুরির বিরল কীর্তি গড়েন তিনি। ম্যাচের সেরা তিনিই। মুশফিকুর রহিম দুটি ইনিংসেই অবদান রাখেন, প্রথম ইনিংসে ৮৭ ও দ্বিতীয় ইনিংসে ৪৯ রান করেন।
বাংলাদেশ প্রথম ইনিংসে ৪৯৫ রান করে। শান্ত ও মুশফিকের পাশাপাশি বেশ কয়েকজন ব্যাটার অবদান রাখেন। জবাবে শ্রীলঙ্কা থামে ৪৮৫ রানে। নিসাঙ্কা ১৪১ ও ধনঞ্জয়া ডি সিলভা করেন ৯৪ রান। বাংলাদেশ ১০ রানের লিড নিয়েই দ্বিতীয় ইনিংসে নামে। বাংলাদেশ দ্বিতীয় ইনিংস ঘোষণা করে এমন সময়, যখন দিনের খেলায় ৩৭ ওভার বাকি। টাইগারদের লক্ষ্য ছিল দ্রুত উইকেট তুলে নিয়ে জয় তুলে নেওয়া, তবে তা সম্ভব হয়নি। শ্রীলঙ্কার ব্যাটাররা বেশ রক্ষণাত্মক মনোভাবেই খেলেছেন।
এই ম্যাচ ছিল অ্যাঞ্জেলো ম্যাথিউসের বিদায়ী টেস্ট। শেষ দিনে কিছুটা উত্তেজনা তৈরি হলেও জয় তুলে দিতে পারেনি বাংলাদেশ। ২১ টেস্ট পর ড্র করল বাংলাদেশ, সবশেষ ড্র ছিল ২০২২ সালে চট্টগ্রামে, শ্রীলঙ্কার বিপক্ষেই। এই ড্র ম্যাচের মধ্য দিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে বাংলাদেশ শুরু করল। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৫ জুন, কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে।
রিপোর্টার্স২৪/ঝুম