বিশেষ প্রতিনিধি, রিয়াদ হাসান।।
বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে আলোচিত দুই হত্যাকাণ্ড- সেতারা বেগম ও রহিম জোমাদ্দার হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে বাউফল থানা পুলিশ। এছাড়া মাদক ও ওয়ারেন্টভুক্ত আরও চারজনকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আটক করা হয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান জামান সরকার জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে চট্টগ্রাম ও ঢাকা থেকে বশির মোল্লা এবং চুন্নু হাওলাদারকে গ্রেফতার করা হয়। তারা দুজনেই উপজেলার দুটি আলোচিত হত্যাকাণ্ডের পলাতক এজাহারভুক্ত আসামি।
পুলিশ জানায়, গত ১২ জুন উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নে রহিম জোমাদ্দার এবং ১৯ জুন ঝিলনা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সেতারা বেগম হত্যার শিকার হন। দুটি ঘটনারই তদন্ত চলমান রয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারেও অভিযান অব্যাহত রয়েছে।
এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক ও ওয়ারেন্টভুক্ত চারজনকে আটক করা হয়। পরে তাদেরকে পটুয়াখালী আদালতে পাঠানো হয়েছে।
বাউফল থানা পুলিশ জানিয়েছে, এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় নিয়মিত অভিযান আরও জোরদার করা হয়েছে।
রিপোর্টার্স২৪/আরএইচ