বিশেষ প্রতিনিধি, রিয়াদ হাসান।।
স্টাফ রিপোর্টার: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী ১৯ জুলাই (শনিবার) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ‘জাতীয় সমাবেশ’ আয়োজনের ঘোষণা দিয়েছে।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, এই সমাবেশের প্রধান উদ্দেশ্য হলো-লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, সকল গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা।
বুধবার (২৫ জুন) সকাল ১১টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে ‘জাতীয় সমাবেশ বাস্তবায়ন কমিটি’র এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
সভায় জাতীয় সমাবেশ সফল করতে গঠিত বিভিন্ন বিভাগের কাজের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং সমাবেশকে শান্তিপূর্ণভাবে সফল করার জন্য সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, নূরুল ইসলাম বুলবুল, মো. সেলিম উদ্দিন, ড. শফিকুল ইসলাম মাসুদ, ড. রেজাউল করিম, ডা. ফখরুদ্দিন মানিক, মো. ইয়াসিন আরাফাত, কামাল হোসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান ও ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম প্রমুখ।
রিপোর্টার্স২৪/আরএইচ